একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ধ্বংস এবং আরও কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের রাতভর হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তারা সিরিয়ার আল-তানফে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলার দাবি করেছে।

তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইআরজিসির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারিতেই সিরিয়া-জর্ডান-ইরাক সীমান্তবর্তী আল-তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল ও সুলাইমানিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানবিরোধী কুর্দি গোষ্ঠী কোমালা। এতে অন্তত নয়জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। যদিও এ হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি ইরান।

সম্প্রতি ইরান কাতার, কুয়েতসহ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশের বিভিন্ন স্থাপনায় হামলার দাবিও করেছে। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

জা.অর্থনীতি/এসআই