লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা-কাউনিয়া সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদী থেকে ভেসে আসা এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয়রা তিস্তা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, উদ্ধার হওয়া মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় এবং তা অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে অবয়ব দেখে মরদেহটি একজন যুবকের বলে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে থাকলে অথবা উদ্ধারকৃত মরদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা অবিলম্বে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এবং মরদেহটির ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি