কুমিল্লায় মাদকবিরোধী সমাবেশে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ
ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকা ঘিরে মাদক ব্যবসার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে মাদক কেনাবেচা চালিয়ে গেলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। এদিকে, মাদকবিরোধী সমাবেশ করায় দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। 

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকা এখন মাদক ব্যবসায়ীদের নতুন রাষ্ট্রে পরিণত হয়েছে। 

স্থানীয়রা বলেন, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। আর এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে সাধারণ মানুষের। 

গত বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী সমাবেশ ঘিরে দফায় দফায় হামলার শিকার হন স্থানীয়রা। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, দুপুরেই একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে, গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মায়ের সাথে সাক্ষাৎসহ ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 

তিনি বলেন, মাদক কারবারীদের ধরতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হবে। তাদের কোন ছাড় দেওয়া হবে না।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে আমরা সকলে এখানে উপস্থিত হই। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবং অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে। 

—জা. অর্থনীতি/এনজে