গাংনীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে একটি ওষুধবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালক ও নারী-শিশুসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— গাংনী উপজেলার করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), একই গ্রামের শাকিলের স্ত্রী সোনিয়া খাতুন (২৮), শওকত আলীর স্ত্রী মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) এবং খোরশেদ আলীর ছেলে রায়হান (০৬)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে করমদী গ্রাম থেকে পাখিভ্যানে চড়ে একই পরিবারের সদস্যরা বাওট গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ওষুধবাহী কাভার্ডভ্যান তাদের পাখিভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৭ আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং তাদের সহায়তায় বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি