ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের সাথে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই পুরুষ আরোহী মারা যান।

খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিতে তিন জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুই জন নিহত ও এক জন আহত হয়েছেন। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। মরদেহ উদ্ধারসহ এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি