জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সার, বীজ, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে এই তদারকি অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে জেলা বীজ ও প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

অভিযানে অংশ নেওয়া ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, মূল্য তালিকা হালনাগাদ না করার অপরাধে আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল হককে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় জয়া বীজ ভান্ডারের মালিক আব্দুল হাকিমকে ৭ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরের মালিক আব্দুল আলীমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি