২০০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে শোডাউন
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছেন স্থানীয় ভক্তরা।

২০০০ ফুট দীর্ঘ বিশাল এক পতাকা ও শতশত মোটরসাইকেল নিয়ে শহরে বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

র‍্যালিতে ব্যান্ড পার্টির সুরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শতশত মোটরসাইকেলের পেছনে বহন করা ২০০০ ফুট দীর্ঘ পতাকাটি শহরবাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

সমর্থকরা জানান, তাদের বিশ্বাস আর্জেন্টিনা আগের আসরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

র‍্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, চুয়াডাঙ্গার মাটি, আর্জেন্টিনার ঘাঁটি। আমাদের বিশ্বাস, প্রিয় দল এবারও সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। ২০০০ ফুট দীর্ঘ এই পতাকা আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা ও আবেগের প্রতীক।

—জা.অর্থনীতি/এনজে