চিতলমারীতে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
ছবি: জাতীয় অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করা হয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার পরিমল ভক্ত উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। পুলিশ তাকে আদালতে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার বিবরণে জানা গেছে, ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে গত রবিবার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার আসামিকে আদালতে এবং ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি