সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
ছবি: জাতীয় অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তবে বনরক্ষীদের গুলিবর্ষণের মুখে সন্দেহভাজনরা ট্রলার নিয়ে সাগরের দিকে পালিয়ে যাওয়ায় ডাকাতির সম্ভাব্য এই চেষ্টা নস্যাৎ হয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) রাতে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে এ ঘটনা ঘটে। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারে করে কয়েকজন ব্যক্তি ‘দি ওয়েভ-২’ জাহাজের দিকে এগিয়ে আসার সময় সাগরে অবস্থানরত জেলেরা তা দেখে বনরক্ষীদের খবর দেন। খবর পেয়ে বনরক্ষীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা চার রাউন্ড গুলি ছোড়ে। গুলির মুখে ট্রলারে থাকা ব্যক্তিরা দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।

‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, বর্তমানে কটকা এলাকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরালসী’ নামে দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক নিরাপদে অবস্থান করছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পর্যটকবাহী জাহাজে এমন ঘটনা উদ্বেগের। সাম্প্রতিক সময়ে বনদস্যুদের তৎপরতা বাড়ায় সুন্দরবনে বিশেষ করে রাতের বেলা টহল জোরদার করা প্রয়োজন বলে জানান তিনি।  

—জা. অর্থনীতি/এলএটি