সাতক্ষীরায় সীমানা পিলার জব্দ, আটক ৪
জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে একটি মূল্যবান সীমানা পিলার জব্দ করা হয়েছে। এসময়  প্রতারক চক্রের ৪ সদস্যকেও আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) গভীর রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ি থেকে এই পিলারটি জব্দসহ ৪ জনকে আটক করে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

আটক ব্যক্তিরা হলেন— কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), তার আত্মীয় (কুটুম) সুশান্ত এবং তুষারসহ অন্য দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটা এবং অন্য দুজন পাইকগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে  পুলিশ ওসি জানান, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের নিচে এই পিলারটি পুঁতে রাখা হয়েছিল। পিলারটি আসল কি না, তা পরীক্ষার জন্য শুক্রবার রাতে একটি চক্রের আসার কথা ছিল। সেই উদ্দেশ্যে পিলারটি মাটি খুঁড়ে ঘরের ভেতর বের করে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায় ও পিলারসহ চার জনকে আটক করে।
 
ওসি বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই কলাগাছি গ্রামে সীমানা পিলার বেচাকেনা চলছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিলারসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে অন্য যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনা হবে।

—জা. অর্থনীতি/এলএটি