চুয়াডাঙ্গা সীমান্তে নারী-শিশুসহ ১০ জন আটক করলো বিজিবি
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।

বিজিবি ৬ চুয়াডাঙ্গার পরিচালক লে কর্ণেল নাজমুল হাসান জানান, আটকদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে