স্পোর্টস ডেস্ক: শিরোপা নির্ধারণী ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার মুকুট ধরে রাখল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে জয়ের মাধ্যমে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।
এমনিতেই বার্সেলোনা-রিয়াল দ্বৈরথ বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণ। তবে এবারের ম্যাচটির গুরুত্ব ছিল আরও বেশি, কারণ এটি ছিল কার্যত শিরোপা নির্ধারণী লড়াই। লা লিগায় এমন পরিস্থিতি শেষ দেখা গিয়েছিল ১৯৩২ সালে। সেবার মৌসুমের শেষ দিনে বার্সার সঙ্গে ড্র করেই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার একই সুযোগ ছিল বার্সার সামনে—ড্র করলেই শিরোপা নিশ্চিত। কিন্তু সমর্থকদের সামনে কোনো হিসাব-নিকাশে না গিয়ে জয় দিয়েই উৎসব করেছে কাতালানরা।
ঘরের মাঠে পুরো মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মাত্র ৯ মিনিটে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। এরপর ১৮ মিনিটে দানি ওলমোর ব্যাকহিল পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।
প্রথমার্ধেই আরও কয়েকটি গোল হতে পারত, তবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার একাধিক সেভ দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করে। ম্যাচজুড়ে পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন তিনি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকায় আক্রমণে ধার কমে যায় দলটির। ভিনিসিয়ুস জুনিয়রও প্রত্যাশা পূরণ করতে পারেননি। পুরো ম্যাচে রিয়াল ৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।
৬৩ মিনিটে জুড বেলিংহামের একটি শট জালে জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ওই মুহূর্ত ছাড়া ম্যাচে তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা।
এই ম্যাচে বার্সার শুরুর একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও জুলস কুন্দে। তবুও মাঠে আধিপত্য ধরে রাখতে কোনো সমস্যা হয়নি ফ্লিকের দলের। ম্যাচের আগে বাবার মৃত্যুর খবর পেয়েও ডাগআউটে উপস্থিত ছিলেন কোচ হান্সি ফ্লিক। গোলের পর রাশফোর্ড ও তোরেস দুজনই ছুটে যান কোচের কাছে।
শেষ বাঁশির পর ক্যাম্প ন্যু রূপ নেয় উৎসবমুখর মঞ্চে। বেঞ্চে থাকা ইয়ামাল মাঠে নেমে সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনে যোগ দেন। গ্যালারিজুড়ে ধ্বনিত হতে থাকে ‘চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস’ স্লোগান।
৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৯১। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭৭। ফলে বাকি তিন ম্যাচে বার্সা সব হারলেও রিয়ালের আর তাদের ধরা সম্ভব নয়।
অন্যদিকে টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থেকে গেল রিয়াল মাদ্রিদ। দলটির ভেতরের অস্থিরতার মধ্যেই কোচ পরিবর্তনের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল এনে দেওয়া হান্সি ফ্লিক এবার জিতলেন লা লিগা ও স্প্যানিশ সুপার কোপা। তার অধীনে দুই মৌসুমে এটি বার্সেলোনার পঞ্চম শিরোপা।
—জা. অর্থনীতি/এআইই