ঘুমিয়েই সাড়ে ১২ লাখ টাকা জিতলেন নারী!

জাতীয় অর্থনীতি অনলাইন: বর্তমান ব্যস্ততার যুগে শান্তিতে ঘুমানোর ফুরসত কার আছে? অথচ কোনো কঠিন পরিশ্রম ছাড়াই কেবল ঘুমিয়ে সাড়ে ১২ লাখ টাকার বেশি পুরস্কার জিতে নিলেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জী।

ওয়েকফিট আয়োজিত জনপ্রিয় ‘স্লিপ ইন্টার্নশিপ’ প্রতিযোগিতার পঞ্চম আসরে বিজয়ী হয়েছেন তিনি। দুই মাসের এই বিশেষ প্রতিযোগিতায় তিনি পেয়েছেন ৯ লাখ ৬০ হাজার রুপি, যার বাংলাদেশি মুদ্রায় পরিমাণ প্রায় ১২ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া পুরস্কার হিসেবে স্পনসর করা ছুটির দিনে ঘোরার সুযোগও পেয়েছেন জিনিয়া।

২০১৯ সালে শুরু হওয়া এই অভিনব প্রতিযোগিতায় এবার দুই লাখের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে কেবল ১০ জন প্রতিযোগীকে সুযোগ দেওয়া হয়েছিল।

টানা ৬০ দিন ধরে প্রতিযোগীদের ঘুমের ধরন ও অভ্যাসের ওপর কড়া নজর রাখা হতো। এর পাশাপাশি সৃজনশীলতা যাচাইয়ের জন্য সাপ্তাহিক নানা মজার চ্যালেঞ্জেও অংশ নিতে হতো তাদের।

প্রতিযোগিতার অংশ হিসেবে প্রতিযোগীদের ঘুমের মাঝে অভিনব সব কাজ করতে হতো। যেমন—জনপ্রিয় সিনেমার দৃশ্যের সঙ্গে ঘুমের মিল ঘটিয়ে অভিনয় করা কিংবা কথোপকথনের মধ্যে নির্দিষ্ট শব্দ ব্যবহার করা।

প্রতি সপ্তাহে সেরা পারফরমারদের ‘প্রো স্লিপার অফ দ্য উইক’ খেতাব দেওয়া হতো। নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা তিনে জায়গা করে নেন মানিকন্দন, জিনিয়া চ্যাটার্জী ও মেহেক খোট।

এর সঙ্গে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে গ্র্যান্ড ফাইনালে যোগ দেন হায়দরাবাদের করিম খান। চার প্রতিযোগীকে নিয়ে রিয়্যালিটি শো-এর আদলে আয়োজিত হয় জমকালো ফাইনাল পর্ব।

ফাইনালে শোবার ঘর সাজানো এবং ঘুমের প্রয়োজনীয় সামগ্রী নিলামে কেনার মতো মজার পরীক্ষা রাখা হয়। সবশেষে রাতের ঘুমের স্কোরের ওপর ভিত্তি করে জিনিয়া চ্যাটার্জীকে বিজয়ী ঘোষণা করা হয়।

ওয়েকফিট সংস্থার মতে, ঘুমকে কেন্দ্র করে আয়োজিত এমন প্রতিযোগিতা মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। জিনিয়ার এই জয় সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল।

সূত্র: দ্য ওয়াল 

—জা. অর্থনীতি/এএইচএ