জাতীয় অর্থনীতি বিনোদন: শাড়িকাণ্ড ও নানা বিতর্কের জেরে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার আইনি জটিলতা আরও বাড়ল। আইনি নোটিশের জবাব না দেওয়ায় এবার তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে নতুন মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠিয়েছেন।
এর আগে গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সানায়ার আইনজীবী। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের কোনো জবাব না মেলায় বাধ্য হয়েই মানহানির এই মামলা করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী।
এর আগে হত্যার হুমকির অভিযোগে গত ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন সানায়া। ওই মামলায় আদালত অভিনেত্রীকে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একের পর এক মামলায় বেশ বিপাকে পড়েছেন এই তারকা।
জা. অর্থনীতি/এআর
