পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয় অর্থনীতি বিনোদন: আদালতে উপস্থিত না হওয়ায় এবং জামিন নামঞ্জুর হওয়ায় জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন।

২০২২ সালের জুলাইয়ে দায়ের করা এই মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে বারের ভেতরে বিনা মূল্যে দামি অ্যালকোহলের বোতল চেয়ে না পাওয়ায় নাসির ইউ মাহমুদকে গালমন্দ ও হত্যার উদ্দেশ্যে গ্লাস ছুড়ে মেরেছিলেন পরীমনি।

পরবর্তীতে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছর আদালতে জমা দেওয়া পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পরীমনি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও গ্লাস ছুড়ে আঘাত করার অভিযোগের সত্যতা মেলে। নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেওয়ায় আইন অনুযায়ী পরীমনির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

জা. অর্থনীতি/এআর