আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের দক্ষিণ উপকূলে একসঙ্গে আটকা পড়ে প্রাণ হারিয়েছে ৪৩টি পাইলট তিমি। জীবিত তিমিগুলোকে উদ্ধারের জন্য নানা চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত একটিকেও বাঁচানো সম্ভব হয়নি। দুর্গম উপকূল ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়ে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার পর কেপ প্যালিসারের কাছে এনগাউই উপকূলে তিমি আটকে পড়ার খবর পায় দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি)। পরে পরিবেশবিষয়ক সংগঠন প্রজেক্ট জোনাহ নিউজিল্যান্ড জানায়, অন্তত ২০টি তিমি উপকূলে আটকা পড়েছিল। এর মধ্যে চারটি জীবিত ছিল। ডিওসি ও স্থানীয় মাওরি সম্প্রদায়ের সহযোগিতায় সেগুলোকে উদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়।
তবে শুক্রবার বিকেলে ডিওসি জানায়, এনগাউই থেকে মাঙ্গাতোতোই উপকূল পর্যন্ত মোট ৪৩টি তিমি আটকা পড়েছিল। সব কটি তিমিই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কয়েক কিলোমিটারজুড়ে বিস্তৃত উপকূলীয় এলাকায় অনেক তিমিকে উদ্ধারের আগেই মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রজেক্ট জোনাহ জানায়, উদ্ধারকাজে অংশ নেওয়া সবার জন্য ঘটনাটি ছিল অত্যন্ত কঠিন ও মানসিকভাবে কষ্টকর। স্থানীয় বাসিন্দারা প্রথমে জীবিত তিমিগুলোর শরীর ঠান্ডা রাখা এবং স্বস্তিতে রাখার চেষ্টা করেন। তিমিগুলোর মরদেহ সমাহিত করতে স্থানীয় মাওরি গোষ্ঠীর সঙ্গে কাজ করছে ডিওসি।
বিশেষজ্ঞদের মতে, সামাজিকভাবে দলবদ্ধ জীবনযাপন করা পাইলট তিমিরা প্রায়ই একসঙ্গে উপকূলে আটকা পড়ে। কোনো একটি তিমি পথ হারালে অন্যরা তাকে অনুসরণ করতে গিয়ে আটকা পড়তে পারে। অগভীর পানিতে শব্দতরঙ্গের মাধ্যমে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রেও বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
জা.অর্থনীতি/এসআই
