অনলাইন ডেস্ক: জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, ৭ নভেম্বর হোক সেই অঙ্গীকারের দিন।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সুদৃঢ় করা জরুরি। এ জন্য সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, জাতীয় স্বার্থ ও স্বাধীনতার প্রশ্নে এ দেশের মানুষ কখনো আপস করেনি।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিহত করেছিল। পরবর্তী সময়ে আবারও দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অপশক্তির পরাজয় ঘটে।
তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের পরিচয় বাংলাদেশি। এই পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণেই নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ-এই চেতনাই হোক জাতীয় ঐক্যের মূল ভিত্তি।
জা.অর্থনীতি/এসআই
