জাতীয় অর্থনীতি স্পোর্টস: ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে ঘাম ঝরানো এক জয় পেয়েছে বাংলাদেশ। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত ১ গোল করে লাল-সবুজ জার্সিধারীদের স্বস্তির জয় এনে দিয়েছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গোলের জন্য বেশ দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। প্রথমার্ধে বিশ্বনাথ ঘোষ ও রাকিবুল ইসলামরা একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় হতাশ হতে হয়েছিল দর্শকদের। তবে ম্যাচের ৬৯ মিনিটে সেই হতাশা কাটিয়ে দেন ইব্রাহিম। বক্সের ভেতর থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে তিনি উল্লাসে মাতান পুরো গ্যালারি।
এরপর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন সাদ উদ্দিন। শেষ পর্যন্ত ইব্রাহিমের করা ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে নিঃসন্দেহে এক চমৎকার সূচনা এনে দিল এই জয়।
জা. অর্থনীতি/এআর
