ঘি তৈরি থেকে ২০০ মানুষের কর্মসংস্থান, এখন কোটি টাকার মালিক কলেজছাত্রী (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: অভাব-অর্থসংকটে একসময় পণ্য বিক্রির জন্য যাকে রাতের বাসে ছুটতে হতো এক শহর থেকে আরেক শহরে, আজ তার প্রতিষ্ঠানেই কাজ করছেন ২০০’র বেশি মানুষ! বলছি পাবনার আয়েশা সিদ্দিকা কেয়ার গল্প।

চাকরির পেছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন এই কলেজছাত্রী। মাত্র ৩০ কেজি ক্রিম দিয়ে ঘরে শুরু করেন ঘি তৈরির কাজ।

 

শুরুটা কঠিন ছিল। দিনে ঘি তৈরি ও প্যাকেটজাত করতেন, আর রাতে বাসে চড়ে ছুটতেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে। কখনো টাকা বাঁচাতে হেঁটেছেন, কখনো রিকশায় করে পৌঁছেছেন ক্রেতার কাছে। সমাজের নানা নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে এগিয়ে যান তিনি।

সাড়ে সাত বছরের সেই নিরলস পরিশ্রমে ছোট্ট উদ্যোগটি আজ হয়ে উঠেছে ‘কেয়া ফুড প্রোডাক্টস’। প্রতি মাসে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টন ঘি। পাশাপাশি তৈরি হচ্ছে বাটার, পনির, চিজ, সরিষার তেল ও নারিকেল তেলসহ নানা খাদ্যপণ্য। বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে কারখানায় নিজেই দেখেন পণ্যের মান, কাজ করেন কর্মীদের সঙ্গে।

কেয়ার সাফল্যের এই গল্প যেন বলে দেয়— সুযোগের অপেক্ষায় না থেকে সাহস করে শুরু করলেই বদলে যেতে পারে নিজের ভাগ্য, তৈরি হতে পারে অন্যের কর্মসংস্থানও।  

—জা. অর্থনীতি/এলএটি