জাতীয় অর্থনীতি স্পোর্টস: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএল ২০২৭ মৌসুমেও বহাল থাকছে আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনা ও বোলারদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টির অভিযোগ সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে মিনি নিলাম ও দলবদলের কৌশল সাজাতে এই নিয়মের ধারাবাহিকতা ধরে নিয়েছে। নিয়মে হঠাৎ কোনো পরিবর্তন আনলে দলগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা বড় ধরনের ক্ষতির মুখে পড়ত।
২০২৩ সালে চালু হওয়া এই নিয়মের ফলে দলগুলো ১১ জনের পরিবর্তে কার্যকরভাবে ১২ জন খেলোয়াড় ব্যবহারের সুযোগ পেয়ে আসছে। ম্যাচের যেকোনো মুহূর্তে ব্যাটিং বা বোলিংয়ের জন্য একজন অতিরিক্ত বিশেষজ্ঞ খেলোয়াড় নামানোর এই সুবিধা অলরাউন্ডারদের ভূমিকা সংকুচিত করেছে বলে মনে করেন অনেকে। তবে সব বিতর্ক সত্ত্বেও আগামী আসরেও এই কৌশলগত সুবিধা ভোগ করবে দলগুলো।
জা. অর্থনীতি/এআর
