নিজস্ব প্রতিবেদক: দেশের বিচ্ছিন্ন ডিজিটাল তথ্যভাণ্ডারগুলোকে এক ছাতার নিচে আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালু, নিজস্ব সার্বভৌম বাংলা এআই তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদারে আইসিটি বিভাগ কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা।
সোমবার (২ নভেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন ‘সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম’ (সিটিজে)-এর নির্বাহী কমিটির সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সচিব এসব কথা জানান। সভায় আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সচিব জানান, এনআইডি, পাসপোর্ট, জন্মনিবন্ধন ও ট্যাক্স ফাইলসহ নাগরিকদের বিচ্ছিন্ন ডেটাবেজগুলোকে ইন্টিগ্রেট করে এক জায়গায় আনার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তথ্যের অপব্যবহার ও জালিয়াতি রোধ করা সম্ভব হয়। আন্তঃদপ্তর সমন্বয় ও ডেটা সিকিউরিটি নিশ্চিত করতে একটি বিশ্বস্ত ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজও চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দেশের ডেটা সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব এআই মডেল ও শেয়ারড জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে সচিব জানান, সাইবার স্পেস নিরাপদ রাখতে সাইবার সিকিউরিটি এজেন্সিতে ১২০ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে, যার একটি বড় অংশ কারিগরি বিশেষজ্ঞ। এ ছাড়া ‘স্টার্টআপ বাংলাদেশ’-এর মাধ্যমে উদ্যোক্তাদের ফান্ডিং এবং আগামী ডিসেম্বরের মধ্যে সব সেতু ও টোল প্লাজার জন্য ‘ইউনিফাইড ডিজিটাল টোল সিস্টেম’ চালু করার কথা জানান তিনি।
সভায় প্রশিক্ষণের নামে অর্থ তছরুপ বন্ধ ও অনিয়ম রোধের দাবি জানান সিটিজের সভাপতি হাসান জাকির। মহাসচিব সাইফ আহমাদ ডেটা প্রাইভেসি, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী প্রকল্পের অর্থায়নে স্বজনপ্রীতি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সিটিজের পক্ষ থেকে আইসিটি খাতের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা আয়োজন, তথ্যের সহজলভ্যতা এবং নীতি নির্ধারণী কমিটিতে সিটিজের প্রতিনিধিত্বের দাবি জানানো হয়।
জবাবে আইসিটি সচিব বলেন, আইসিটি বিভাগের কাজ স্বচ্ছ ও জনবান্ধব করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট জানান, আন্তর্জাতিক সার্টিফিকেশন ছাড়া এখন থেকে আর নামকাওয়াস্তে কোনো প্রশিক্ষণ দেওয়া হবে না এবং স্টার্টআপ ফান্ডের অর্থ ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় সিটিজের সভাপতি ও সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির, মহাসচিব ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাইফ আহমাদ, সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, পরিচালক (সাংগঠনিক) রেজাউল করিম জ্যান, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক কাজী সোহাগ এবং প্রথম আলোর স্টাফ রিপোর্টার রাহিতুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
