আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার দুটি গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সোবহানবাগ ও আগারগাঁওয়ে পৃথকভাবে এসব বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর প্রায় ৪৫ মিনিট পর রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোবহানবাগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে কেউ আহত হননি।

ওসি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায়ও কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের ঘটনাস্থলটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। ফলে ওই ঘটনার তদন্ত করবে কাফরুল থানা পুলিশ।

জা.অর্থনীতি/এসআই