আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (২ নভেম্বর) জাপোরিঝিয়া অঞ্চলের কমিশুভাখা গ্রামে এ হামলা চালানো হয়। অঞ্চলটির প্রধান মাইখাইলো সেমিকিন জানান, গ্রামটিতে অন্তত নয়টি তিন হাজার কেজি ওজনের বোমা আঘাত হানে। হামলার পর প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথমে হামলা চালানো হয়। পরে মানুষ আশ্রয় নিয়েছিল এমন স্থানেও দ্বিতীয় দফায় আঘাত হানা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে হামলার পর সৃষ্ট বিশাল গর্ত ও ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীদের তল্লাশির দৃশ্য তুলে ধরেন জেলেনস্কি। প্রথমে ১৮ জনের মৃত্যুর খবর জানানো হলেও ইউক্রেনের জরুরি সেবা বিভাগ পরে ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। সোমবার রাতে জেলেনস্কি মৃতের সংখ্যা বেড়ে ২৬ হওয়ার কথা জানান।
জেলেনস্কির অভিযোগ, স্থানীয় বাসিন্দারা প্রতি সোমবার ওই কেন্দ্রে মানবিক সহায়তা নিতে আসেন, বিষয়টি রুশ সেনাদের জানা ছিল। এই হামলা রাশিয়ার শান্তি প্রতিষ্ঠায় অনাগ্রহের প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের সংঘাত চলছে। আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে।
জা.অর্থনীতি/এসআই
