জাতীয় অর্থনীতি স্পোর্টস: কাতারের রাজধানী দোহায় নভেম্বরে শুরু হতে যাওয়া রাইজিং স্টারস এশিয়া কাপের ওয়ানডে সংস্করণের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম জানায়নি বোর্ড।
নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াডে ১৫ জন রাখতে হবে বিধায় ১৯ সদস্যের এই প্রাথমিক দল থেকে পরবর্তীতে চারজন ক্রিকেটার বাদ পড়বেন। ধারণা করা হচ্ছে, এই ছাঁটাই প্রক্রিয়ার পরই নেতৃত্ব চূড়ান্ত করবে বিসিবি। জাতীয় দলের আশপাশে থাকা পরীক্ষিত ক্রিকেটারদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন উদীয়মান তারকার ঠাঁই হয়েছে এই স্কোয়াডে। একসময়ের মারকুটে ব্যাটার সাব্বির রহমানও রয়েছেন এই ‘এ’ দলের দলে।
আগামী ১৯ নভেম্বর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ২১ ও ২৩ নভেম্বর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ২৯ নভেম্বর।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, সামিউল বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, এসএম মেহরব, রিপন মন্ডল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আমিনুল ইসলাম বিপ্লব ও ইকবাল হোসেন ইমন।
জা. অর্থনীতি/এআর
