ইতিহাস পরিবহনের ১২ বাস আটক করলেন জাবি শিক্ষার্থীরা
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম আবর্তনের এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (২ নভেম্বর) দুপুরে বাসগুলো আটক করেন তারা।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, গত রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি বাসে ওঠেন। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।

ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও বাসটির কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন। পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়। বাস থামানোর পর নামবেন জানালে কন্ডাক্টর তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী আরও জানান, এ সময় তিনি চিৎকার করলে কন্ডাক্টর আর এগোননি। বাস থেকে নামার পর তাকে এবং তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ ও খারাপ আচরণ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বাসসংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেব।

—জা.অর্থনীতি/এনজে