প্রযুক্তি ডেস্ক: রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’। গত ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক।
বিজ্ঞানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আয়োজিত এই কার্নিভালে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক, কলেজের অধ্যক্ষ এবং স্টার টেকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কার্নিভালের মূল আকর্ষণের মধ্যে ছিল শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী এবং স্টার টেকের বিশেষ প্রযুক্তি প্যাভিলিয়ন। যেখানে শিক্ষার্থীরা আধুনিক গ্যাজেট ও প্রযুক্তিপণ্য সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গেমিংপ্রেমী তরুণদের জন্য স্টার টেকের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘ব্যাটল ফর গ্লোরি ২.০’ প্রতিযোগিতা। ভ্যালোরেন্ট ও ফিফা গেমের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে ভ্যালোরেন্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘রেড ভাইপারজ’ দল, যাদের হাতে ২০ হাজার প্রাইজমানি ও স্টার টেকের পক্ষ থেকে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
