জাতীয় অর্থনীতি বিনোদন: অসময়ে চলে যাওয়া জনপ্রিয় লোকশিল্পী পাগল হাসানের কথা ও সুরে শ্রোতাদের সামনে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। তার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত এই গানটি নিয়ে সংগীত মহলে বেশ চর্চা শুরু হয়েছে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে মাত্র ৩৩ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান পাগল হাসান। তবে তার রেখে যাওয়া সুর ও বাণীর আবেদন আজও অম্লান।
হাসান বেঁচে থাকতেই এই গানটি নিয়েছিলেন কাজী শুভ। সম্প্রতি শুভর ‘কেউ বুঝলো না’ ডিজিটাল অডিও অ্যালবামে যুক্ত করা হয়েছে এই গান। রাফি মোহাম্মদের সংগীতে গানটিতে ফুটে উঠেছে প্রেমের তীব্র আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে আসা গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওচিত্রে মডেল হিসেবে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভিডিওর একটি বিশেষ অংশে শিল্পী কাজী শুভকেও দেখা যাবে অভিনয়ে।
ইতিমধ্যে গানটি ইউটিউবসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পী এবং সংশ্লিষ্টরা।
জা. অর্থনীতি/এআর
