বিশেষ সৌরবিদ্যুৎ আইনসহ তিন প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

অনলাইন ডেস্ক: দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন ও স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ, সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা বাড়াতে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাও চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশের মাধ্যমে চালু হওয়া আইনটি সংসদের প্রথম বৈঠকে বিল আকারে উপস্থাপন করে পাসের মাধ্যমে আইনে পরিণত করা হবে।

এ ছাড়া সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬’-এর খসড়াও অনুমোদন পেয়েছে। এতে দেশীয় শিল্পের সুরক্ষা, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ সুবিধা এবং দরপত্র প্রক্রিয়া আধুনিকায়নের প্রস্তাব রয়েছে।

বৈঠকে ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।

এ ছাড়া হংকংয়ের সঙ্গে ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে অপরাধসংক্রান্ত তথ্য বিনিময়, অপরাধী আটকসহ আইনি সহযোগিতার সুযোগ বাড়বে।

জা.অর্থনীতি/এসআই