হিউম্যানয়েড রোবট বানাচ্ছে মেটা

প্রযুক্তি ডেস্ক: মানুষের মতো দেখতে ‘হিউম্যানয়েড রোবট’ তৈরির উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। চীনা রোবোটিক্স স্টার্টআপ ‘ফোরিয়ার’-এর সঙ্গে যৌথভাবে এরই মধ্যে রোবটটির একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদন সূত্রে রয়টার্স জানিয়েছে, প্রথম সংস্করণের পর এবার রোবটটির দ্বিতীয় সংস্করণ তৈরির কাজ চালাচ্ছে দুই প্রতিষ্ঠান। মেটার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও ফোরিয়ারের হার্ডওয়্যার দক্ষতার সমন্বয়ে এই রোবটগুলো তৈরি করা হচ্ছে।

তবে মেটা বা ফোরিয়ার—কোনো পক্ষ থেকেই এই যৌথ প্রকল্প নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।