গাইবান্ধায় অবৈধ গ্যাস মজুত, মালিকসহ ৩ জনের কারাদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অবৈধভাবে গ্যাস মজুত ও নানা অনিয়মের অভিযোগে পৃথক দুটি প্রতিষ্ঠানে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন। এসব অভিযানে মোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করার পাশাপাশি এক প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং উভয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত প্রথম অভিযানে অবৈধভাবে গ্যাস মজুতের সত্যতা পাওয়ায় মেসার্স মনির ট্রেডার্সের মালিক মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী আশরাফুল উদ্দৌলা ও আব্দুর রহিমকে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এই প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে ‘গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস)’ নামের অপর একটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালানো হয়। অনিয়ম ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।

সবমিলিয়ে এই দুটি পৃথক অভিযানে মোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং প্রতিষ্ঠানের মালিকসহ মোট তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস মজুত ও চোরাকারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি