বাংলালিংকের নতুন অ্যাপ ‘মুক্ত’: সেবা মিলবে সব অপারেটরের

প্রযুক্তি ডেস্ক: টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন ও লাইফস্টাইল সুবিধা একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে ‘মুক্ত’ নামে নতুন ডিজিটাল অ্যাপ চালু করছে বাংলালিংক। এটি বাংলাদেশের প্রথম ‘টেলকো-অ্যাগনস্টিক’ ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ বাংলালিংক ছাড়াও দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিদেশি নম্বর ব্যবহার করে যে কেউ এতে যুক্ত হতে পারবেন।

প্রতিষ্ঠানটির পূর্বের ‘মাইবিএল’ অ্যাপটি পরিবর্তিত হয়ে এই নতুন রূপে আসছে। এতে গান, গল্প, ইসলামি পরামর্শ, সংবাদ ও খেলাধুলার মতো বিনোদন আয়োজনের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজন মেটানোর নানা সুবিধা যুক্ত করা হয়েছে।

এ ছাড়া অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বিশেষ ফিচার থাকছে, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সেবা ও পণ্যের পরামর্শ দেবে। নিজের নম্বরের পাশাপাশি পরিবারের সদস্যদের নম্বরও এই অ্যাপ দিয়ে পরিচালনা করা যাবে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান জানান, গ্রাহকদের দৈনন্দিন জীবনের চাহিদা টেলিকম সেবার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। সেই ডিজিটাল প্রয়োজনগুলোকে এক ছাদের নিচে আনতেই এই পরিবর্তন। আগে শুধু নিজেদের গ্রাহকদের সেবা দেওয়া হলেও, এখন থেকে সব অপারেটরের ব্যবহারকারীদের জন্য বিস্তৃত পরিসরে সেবা দেওয়াই বাংলালিংকের লক্ষ্য।