সাজেকের জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, এলাকজুড়ে আতঙ্ক
ছবি: সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই দল সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। টানা সংঘর্ষের ফলে পুরো এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এই সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলে নিজ নিজ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দল দুটির মধ্যে বিরোধ ও দেনদরবার চলে আসছিল। এরই জেরে শনিবার দুপুরে হঠাৎ উভয়পক্ষের সশস্ত্র ক্যাডাররা সংঘর্ষে লিপ্ত হয় এবং থেমে থেমে গুলি বিনিময় শুরু করে। এলাকাটি অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার দুপুর ১টা থেকে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো কঠিন ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এদিকে এই সশস্ত্র সংঘর্ষের পর থেকে সাজেকের কলাবুনিয়া ও আশপাশের পর্যটন বা বসতি এলাকায় থমথমে ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রত্যাশিত এই সংঘাতে স্থানীয় বাসিন্দা ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।  

—জা. অর্থনীতি/এলএটি