আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বাণিজ্যিক জাহাজ চলাচল। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজে হামলার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। চলতি অক্টোবর মাসে এ অঞ্চলে অন্তত ৩৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে অক্টোবরেই জাহাজে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে।
এর আগে এক মাসে সর্বোচ্চ হামলার রেকর্ড ছিল গত মার্চে। ওই মাসে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলে প্রায় ৩০টি জাহাজে হামলার খবর পাওয়া গিয়েছিল। তবে অক্টোবরের পরিসংখ্যান সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
এদিকে শুক্রবার হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অন্তত চারটি জাহাজে আগুন লাগার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
একই দিনে একটি জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছে ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রজাতীয় বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই অঞ্চলে ধারাবাহিক হামলার ঘটনা জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
জা.অর্থনীতি/এসআই
