আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: আফগান শরণার্থীদের পাকিস্তান পাঠানোর বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেখান থেকে তাদের আবার তালেবান শাসিত আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রবল ঝুঁকি থাকা সত্ত্বেও মার্কিন সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সোমবারের মধ্যেই বিমানে করে শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর কাজ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মানবাধিকার কর্মী এবং আটক শরণার্থীদের স্বজনরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আফগানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। মূলত মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ‘ক্যাম্প আস সাইলিয়া’ নামের একটি শিবিরে দীর্ঘ দিন ধরে আটকে থাকা আফগানদের নিয়েই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দফতর একাধিকবার সময় পেছালেও অবশেষে আগামী কয়েক মাসের মধ্যে ক্যাম্পটি খালি করার চূড়ান্ত পরিকল্পনা করেছে। কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন আফগান শরণার্থীদের আফ্রিকার দেশ কঙ্গোতে পাঠানোর কথাও ভেবেছিল, যেখানে ইবোলা ভাইরাসের মতো মহামারি ছড়িয়ে পড়েছিল।

শরণার্থীদের পাকিস্তানে পাঠানো হলে সেখান থেকে তালেবানরা তাদের আফগানিস্তানে ধরে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। আফগানদের সহায়তায় নিয়োজিত সংগঠন ‘আফগানইভাক’ সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের দিকে সবার দৃষ্টি থাকার সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন গোপনে এসব আফগানদের পাকিস্তানে পাঠানোর ছক কষছে।

তারা আরও বলেছে, বিমানগুলো ঠিক কোথায় গিয়ে নামবে তা সরকার ইচ্ছা করেই গোপন রাখছে। কারণ সেখানে পৌঁছানোর পর এই অসহায় মানুষদের ওপর কতটা অন্ধকার দিন আসবে, তা সবাই খুব ভালো করেই জানে। অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি বিবৃতি পাওয়া যায়নি। -সূত্র: মিডলইস্ট মনিটর

—জা.অর্থনীতি/আরএস