কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দমনে চালানো বিশেষ সাঁড়াশি অভিযানে একদিনে ৩৫১ জনকে আটক করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার অপরাধপ্রবণ ও কিশোর গ্যাং আড্ডাগুলোয় পরিচালিত এই অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, আটককৃত ৩৫১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে নিয়মিত আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাকি ২১৯ জনকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ ধারাবাহিক অভিযানে গত ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, উঠতি বয়সী কিশোরেরা যাতে কোনোভাবেই কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে লক্ষ্যে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ কোনো নাগরিক বা নিরপরাধ ব্যক্তি যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে মাঠে থাকা পুলিশ সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
