প্রেস লেখা গাড়ি, সঙ্গে ক্যামেরা-বুম; ৫২০০ ইয়াবাসহ গ্রেপ্তার

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীর কদমতলীর মাতুয়াইলে ৫ হাজার ২০০ ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

এসময় তার ব্যবহৃত প্রেস লেখা একটি মাইক্রোবাস, ভিডিও ক্যামেরা, দুটি টিভি চ্যানেলের বুম ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণি পোল্ডার রোডের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এসময় কক্সবাজার থেকে আসা প্রেস লেখা একটি সাদা রঙের মাইক্রোবাস ঘেরাও করা হয়।পরে মাইক্রোবাসে থাকা হোসাইন শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িতে প্রেস লেখা থাকলেও তিনি কোন টেলিভিশনে কাজ করেন, সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে মাইক্রোবাসের স্টিয়ারিংয়ের পাশের একটি বক্সে শপিং ব্যাগের ভেতর থেকে ২১টি নিল রঙের জিপারযুক্ত প্যাকেটে ৪ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

এছাড়া তার পরিহিত প্যান্টের ডান পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫ হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়েছে, যার মোট ওজন ৫২০ গ্রাম। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মাইক্রোবাস, একটি স্ট্যান্ডসহ প্যানাসনিক ভিডিও ক্যামেরা, টেলিভিশনের দুটি বুম এবং তিনটি মোবাইল জব্দ করা হয়। উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে জানিয়েছেন। 

বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড এবং গাড়িতে প্রেস লেখা ব্যবহার করে তিনি অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস