এজেআর কুরিয়ারের প্রধান ওয়্যার হাউজে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যার হাউজে হামলা, ব্যাপক ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং প্রতিষ্ঠানটি থেকে খোয়া যাওয়া চারটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) উদ্ধার করা হয়েছে। কুরিয়ার কর্তৃপক্ষের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর সন্ধ্যায় দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে একদল মুখোশধারী ও হেলমেট পরিহিত দুর্বৃত্ত অত্যন্ত পরিকল্পিতভাবে কুরিয়ার সার্ভিসের কেন্দ্রীয় ওয়্যার হাউজে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং ঘটনা ধামাচাপা দিতে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে তছনছ করে। এরপর কার্যালয়জুড়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে গ্রাহকদের মূল্যবান পার্সেল, অফিশিয়াল ল্যাপটপ এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের ডিভিআর মেশিন লুট করে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ রেজাউল করিম (৩১), মো. পারভেজ (২৮), রোবাইয়াত ফেরদাউস (২৮), মো. সানজু (২২), মো. ইমরান আলী (৩০), মো. মাসুম হোসেন (৩৪), মাহিদুল ইসলাম (৩৩), আলিফ হোসেন লাবিব (২২), স্বপন মুন্সী (৩২), মো. মুন্না (২২) এবং মাহির আহমেদ রজিন (১৯)। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই রাজধানী ঢাকার হাজারীবাগ, গজমহল, বউবাজার, তল্লাবাগ ও কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া; যাঁদের আদি বাড়ি বরিশাল, মাদারীপুর, নোয়াখালী ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওয়্যার হাউজ থেকে লুট হওয়া অবশিষ্ট ল্যাপটপ, পার্সেল এবং অন্য মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।