অনলাইন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ব্যবস্থা পুনর্বহালে আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি।
রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল। এ ব্যবস্থা পুনর্বহালে সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে।
দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি, ডিজিটাল অ্যাপস ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
তিনি জানান, এবার দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দও ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ বছর সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন।
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার অপচেষ্টার ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় নেতৃত্ব কাজ করছে।
এ ছাড়া এক অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জা.অর্থনীতি/এসআই