সাহিত্য ডেস্ক: পুরান ঢাকার অলিগলির চেনা কোলাহল, রিকশার টুংটাং শব্দ আর ঐতিহ্যের গন্ধ মেখে বেড়ে ওঠা এক তরুণী আজ নিজের মেধা ও লেখালেখির জাদুতে আলো ছড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী মুমতা হেনা মীম। ভাই-বোনদের মধ্যে সবার ছোট মীমের সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই।
শব্দ ও ছন্দের প্রতি ভালোলাগা থেকে তার সৃজনশীল ঝুলি সমৃদ্ধ হয়েছে বিভিন্ন প্রকাশনায়। প্রকাশিত হয়েছে তার কবিতার বই 'উপাখ্যান' এবং বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ। এছাড়া শিশুদের নিজস্ব মৌলিক ছড়ার বইয়ের অভাব দূর করতে তিনি প্রকাশ করেছেন তার ইংরেজি ছড়ার বই 'A Cup of Moonlight'।
সাহিত্যের পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন। সমাজ, অর্থনীতি এবং মনস্তত্ত্ব বিষয়ক গবেষণার প্রতি তার রয়েছে বিশেষ ঝোঁক। দেশের বাইরে তার একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে।
ইতোমধ্যে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে যৌথভাবে অর্থনীতি বিষয়ক একটি বই লিখেছেন, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। মায়ের ইচ্ছা পূরণে পবিত্র কুরআনের কাব্যিক অনুবাদও করেছেন, যা খুব শীঘ্রই প্রকাশিত হবে।
অন্যদিকে, নোবেলজয়ী কবি অ্যান কারসনের কবিতার শাব্দিক অনুবাদের বদলে ভাবানুবাদ বা স্বাধীন কাব্যিক রূপান্তর ('ট্রান্সক্রিয়েশন') করছেন নিজের অনন্য স্টাইলে।
"সাহিত্য কেবক মনোরঞ্জনের মাধ্যম নয়, এটা মানুষের মানসিক গঠনের এক শক্তিশালী হাতিয়ার।"
লেখালেখি ও গবেষণার বাইরে তার জীবনজুড়ে রয়েছে নান্দনিকতার ছোঁয়া। ট্রেন্ডি আধুনিকতার ভিড়ে আশির দশকের নস্টালজিক জীবনযাপন এবং তার শান্ত আমেজ তাকে ভীষণ টানে। মুমতা হেনা প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন। শখের বশে সংগ্রহ করেন অ্যান্টিক আইটেম, ডাকটিকিট এবং বিভিন্ন দেশের পুরাতন মূদ্রা।
মানসিক দিক থেকে তিনি প্রচণ্ড শক্তিময়ী হলেও স্বভাবে ভীষণ বিনয়ী ও ডাউন টু আর্থ। তার বিশ্বাস, বিনয়ী হওয়া মানে দুর্বলতা নয়; বরং তিনি ভালোবাসাকেই শক্তি বলে মনে করেন। খুব সহজে সবাইকে আপন করে নিতে পারা এবং মানুষের মধ্যে ভালোবাসার আলো ছড়িয়ে দেওয়াই তার স্বভাবের সবচেয়ে সুন্দর দিক।
মুমতা হেনার স্বপ্ন আকাশছোঁয়া হলেও একজন বড় মনের মানুষ হয়ে ওঠা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মানুষের মানসিক বিকাশ সাধন, সমাজকল্যাণ এবং ইতিবাচক ভাবনার আলোয় এই পৃথিবীকে আরও সুন্দর করে সাজিয়ে তোলাই মুমতা হেনার লক্ষ্য।
—জা. অর্থনীতি/এনজে