ব্রাজিলের ফের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন বামপন্থি নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সোয়া ছয়টার দিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৮ শতাংশ ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট।

এর আগে গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। সেখানে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ফ্লাভিও, দ্বিতীয় অবস্থানে ছিলেন লুলা। তবে দ্বিতীয় দফায় জয় ছিনিয়ে নেন লুলা।

বিবিসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের পর এবারই প্রথম ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফায় পরাজিত হলেন।

ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত লুলা। ২০১০ সালে তার আগের মেয়াদে ব্রাজিল লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গাজায় গণহত্যার জন্য দায়ী করেছেন লুলা।

ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে হলোকাস্টের তুলনা করায় তেল আবিবের সঙ্গে তার সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। একপর্যায়ে ইসরায়েল লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করে। জবাবে তেল আবিব থেকে ব্রাজিলের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নেয় তাঁর সরকার।

জা.অর্থনীতি/এসআই