অনলাইন ডেস্ক: বাংলাদেশের শিল্পায়ন ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে দেশটি। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই বিনিয়োগের আওতায় গাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত এবং জ্বালানি অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি বাংলাদেশে জাপানের সংশ্লিষ্টতায় গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ যুক্ত রয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে উৎপাদনশিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
চার দিনের সরকারি সফরে সোমবার সকালে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব জোরদার গুরুত্ব পাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
সফরকালে জাইকা, জেবিআইসি ও জেট্রোর প্রতিনিধিদের পাশাপাশি মিতসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন তিনি। সফরের শেষ দিকে নাগোয়ায় টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই হয়েছে। সফরে চুক্তির বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণও গুরুত্ব পাবে।
জা.অর্থনীতি/এসআই