পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে পাকিস্তানসহ ১২ দেশ

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক স্থাপনায় হামলা বা হামলার হুমকি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ইরানসহ ১২টি দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

গত ২৩ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কমিটির বৈঠকে বিবৃতিটি উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষাব্যবস্থার আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে দ্ব্যর্থহীন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈষম্য ছাড়াই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা, উৎপাদন ও ব্যবহারের অধিকার সব রাষ্ট্রের রয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আইএইএর সংবিধানের নীতির পরিপন্থী। এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গেও সাংঘর্ষিক।

১২টি দেশ সতর্ক করে বলেছে, পারমাণবিক স্থাপনায় হামলার ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এতে সংশ্লিষ্ট দেশের সীমানা ছাড়িয়ে বেসামরিক মানুষের জীবন ও পরিবেশের ওপর গুরুতর এবং দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতাকেও হুমকির মুখে ফেলতে পারে।

বিবৃতিতে ১৯৮১ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৮৭ নম্বর প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়। ওই প্রস্তাবে পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নিন্দা জানানো হয়েছিল।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো বেলারুশ, বুরকিনা ফাসো, চীন, কিউবা, ইরিত্রিয়া, ইরান, নিকারাগুয়া, নাইজার, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও জিম্বাবুয়ে।

বিবৃতির শেষাংশে বলা হয়, কোনো পরিস্থিতিতেই শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাকে হামলা বা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। 

—জা. অর্থনীতি/এএইচএ