বিগ বসের ঘরে সৌরভ দাস: কী নির্দেশ দিলেন দর্শনা বণিক?

জাতীয় অর্থনীতি বিনোদন: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হলেও উত্তেজনার রেশ কাটেনি ‘বিগ বস বাংলা’র অন্দরে। শোয়ের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় প্রতিযোগী অভিনেতা সৌরভ দাস। গেমের অন্দরে তার নানা স্ট্র্যাটেজি ও পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। উৎসবের আবহে স্বামীর এই কঠিন রিয়েলিটি শো’র সফর নিয়ে এবার মুখ খুললেন তার স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিক।

দশমীর দিন লালপেড়ে সাদা শাড়িতে সিঁদুর খেলায় মেতে ওঠার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দর্শনা। সেখানেই অবধারিতভাবে উঠে আসে সৌরভের বিগ বস যাত্রা প্রসঙ্গ। পূজার চরম ব্যস্ততার কারণে নিয়মিত শো দেখার সুযোগ না পেলেও, উৎসবের পর্ব মিটতেই এবার থেকে নিয়মিত টিভির পর্দায় চোখ রাখবেন বলে জানান তিনি।

বিগ বস মানেই বিতর্ক, নিন্দা আর নানা কূটচালাকি। ক্যামেরার সামনে টিকে থাকতে গেলে এই কঠিন গেম শো-তে মেজাজ ও মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি জরুরি। এই বাস্তব দিকটি মাথায় রেখেই ঘরে প্রবেশের আগে স্বামীকে এক কড়া বার্তা দিয়ে পাঠিয়েছিলেন দর্শনা। 

সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, যাওয়ার আগে তিনি সৌরভকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন- “মাথা ঠান্ডা রেখে গেম খেলতে হবে। কোনওভাবেই লিমিট ক্রস করা চলবে না।”

রিয়েলিটি শো-র অন্দরে বিভিন্ন টাস্ক ও নমিনেশন প্রক্রিয়ার সময় প্রতিযোগীদের মধ্যে স্নায়ুর লড়াই চরমে পৌঁছায়। সেই পরিস্থিতিতে মেজাজ হারিয়ে ফেলা অত্যন্ত স্বাভাবিক। তবে সৌরভ যাতে নিজের রাগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন, সে কথাই বারবার মনে করিয়ে দিয়েছিলেন তার স্ত্রী।

ইন্ডাস্ট্রিতে সৌরভ স্পষ্টবক্তা ও বুদ্ধিমান হিসেবে পরিচিত হলেও ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে তিনি নিজেকে কতটা শান্ত রাখতে পারেন, এখন সেটাই দেখার বিষয়। নেটিজেনদের একটা বড় অংশের মতে, একেবারে সঠিক ও সময়োপযোগী গাইডেন্স দিয়েই স্বামীকে বিগ বসের রণাঙ্গনে পাঠিয়েছেন দর্শনা।

জা. অর্থনীতি/এআর