প্রযুক্তি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম, প্রযুক্তির আধুনিক ব্যবহার, সেবার মানোন্নয়ন ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণায় নামছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড।
এ লক্ষ্যে সম্প্রতি এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের 'বিজনেস ইনকিউবেশন সেন্টার' এবং থ্রিলিফ টেকনোলজিসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতার আওতায় শাহজালাল বিমানবন্দরের দৈনিক পরিচালনাগত কার্যক্রম, সহায় অবকাঠামো, প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গভীর গবেষণা ও তথ্যভিত্তিক মূল্যায়ন পরিচালনা করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।
অন্যদিকে থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) ও শাহজালাল বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল।
অনুষ্ঠানে বিমানবন্দর ব্যবস্থাপনায় নিত্যনতুন প্রযুক্তির সংযোজন, সেবার মান বৃদ্ধি এবং পরিচালনাগত দক্ষতা বাড়াতে তথ্যভিত্তিক পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে এআইইউবির একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে থ্রিলিফ টেকনোলজিসের প্রযুক্তিগত অভিজ্ঞতা যুক্ত করে বিমানবন্দর অবকাঠামোর বিভিন্ন কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মূলত তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দেশের অবকাঠামোগত দীর্ঘমেয়াদি উন্নয়নে এই যৌথ পরিচালনাগত মূল্যায়ন ও গবেষণা ভিত্তি হিসেবে কাজ করবে বলে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন।