মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীর মহাখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। 

তার বন্ধু আকাশ জানান, মহাখালী রেলগেটে একটি খাবার হোটেলে কাজ করতেন রায়হান। থাকতেন একটি মেস বাসায়। তার বাড়ি বরিশাল।

তিনি আরও জানান, রায়হান সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বিমানবন্দরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ছিটকে পাশে পড়ে যান তিনি। খবর পেয়ে তিনি রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি