চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও তার ছেলে জাহিদ হাসানকে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মাদ্রাসায় গেলে তাদের অবরুদ্ধ করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সুপার আব্দুর রহিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ৫ মাস অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন এবং মাদ্রাসার জমি বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা সুপার ও তার ছেলেকে অবরুদ্ধ করেন। জাহিদ হাসান ওই প্রতিষ্ঠানের ল্যাব সহকারী হিসেবে কর্মরত।
শিশু ধর্ষণ মামলার পলাতক আসামির আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, আজ সকালে তিনি ও তার ছেলে মাদ্রাসায় গেলে বাবুর নেতৃত্বে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে ছেড়ে দেয়।
মাদ্রাসা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসা, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, সুপার ও তার ছেলেকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।
—জা. অর্থনীতি/এনজে