যুক্ত হলেন রোকেয়া-জীবনানন্দ-জসীমউদ্‌দীন, যে কারণে বাদ সঞ্জীব চৌধুরী

অনলাইন ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টোদিকের ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে আঁকা হয়েছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি জীবনানন্দ দাশ ও জসীমউদ্‌দীনের প্রতিকৃতি। তবে বাদ পড়েছে সাংবাদিক ও কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরীর ছবি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলবার দেয়ালে নতুন করে এই তিনটি প্রতিকৃতি যুক্ত করা হয়।

এর আগে, মৎস্য ভবনের দিকে যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের উল্টো দিকের এই দেয়ালে আঁকা হয়  রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহ, জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, হুমায়ুন ফরিদীসহ ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি। পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও বসায় ডিএসসিসি।

সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, প্রথমে কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হলেও পরে অন্যদের বাদ পড়া নিয়ে প্রশ্ন ওঠে। কেউ কেউ জানতে চান, সঞ্জীব চৌধুরীর ছবি আঁকা হলে আজম খান, আইয়ুব বাচ্চুদের মতো শিল্পীদের প্রতিকৃতি কেন আঁকা হবে না।

তিনি বলেন, সঞ্জীব চৌধুরী, আইয়ুব বাচ্চু, আজম খানসহ নতুন প্রজন্মের কাছে পরিচিত অন্যান্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের গ্রাফিতি অন্য জায়গায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

প্রতিকৃতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ডিএসসিসির এই কর্মকর্তা বলেন, এটি কারো একক সিদ্ধান্ত নয়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন কর্মকর্তা বসে আলোচনা করে সাংস্কৃতিক অবদান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেন। জায়গাটি শিল্পকলা একাডেমি-সংশ্লিষ্ট হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদেরই এখানে প্রাধান্য দেওয়া হয়।

'সবাইকে এক জায়গায় স্থান দেওয়া সম্ভব নয়' মন্তব্য করে তিনি বলেন, বেগম রোকেয়াকে অন্তর্ভুক্ত করা হলেও সুফিয়া কামালকে কেন রাখা হলো না—এমন প্রশ্নও এখন আবার কেউ কেউ নতুন করে তুলছেন। ভবিষ্যতে আজিমপুর ও পলাশীসহ রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন দৃষ্টিনন্দন পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহাবুবুর রহমান। তিনি বলেন, যেকোনো উদ্যোগের সবকিছু সবার পছন্দ হবে না। তবে অধিকাংশ মানুষ কাজটিকে ইতিবাচকভাবে দেখলে সেটি এগিয়ে নেওয়ার উৎসাহ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের দেয়ালে এই সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। সে সময় তিনি এলাকাটিকে পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

—জা.অর্থনীতি/আইবিএম