জৈবিক বয়স মাপার স্মার্ট রিং আনছে আল্ট্রাহিউম্যান

প্রযুক্তি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সাধারণ মানুষের জন্য ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়স নির্ধারণের বিশেষ মডেল চালু করতে যাচ্ছে স্মার্ট রিং প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল্ট্রাহিউম্যান। এ উদ্দেশ্যে আবুধাবি স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে একটি দুই বছর মেয়াদী চুক্তি সই করেছে এই স্টার্টআপটি।

আবুধাবি পাবলিক হেলথ সেন্টার এর সঙ্গে এই চুক্তির আওতায় ক্লিনিক্যাল বায়োমার্কারের সঙ্গে পরিধেয় ডিভাইস থেকে প্রাপ্ত স্বাস্থ্য ডেটা যুক্ত করে একটি মডেল তৈরি করা হবে। এর মাধ্যমে একজন মানুষের শরীরের অভ্যন্তরীণ বয়স কত দ্রুত বাড়ছে, তা অনুমান করা যাবে। এছাড়া ঘুম, শারীরিক কার্যক্রম, হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং মেটাবলিজমের মতো বিষয়গুলো কীভাবে বার্ধক্য প্রক্রিয়াকে প্রভাবিত করছে, তা চিহ্নিত করা এই প্রজেক্টের মূল লক্ষ্য।

আল্ট্রাহিউম্যানের প্রধান নির্বাহী মোহিত কুমার জানান, প্রতিষ্ঠানটি শুধু হার্ডওয়্যার বা স্মার্ট রিং বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। সংগৃহীত স্বাস্থ্য ডেটা ব্যবহার করে দীর্ঘায়ু ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বড় পরিসরে কাজ করাই তাদের প্রধান উদ্দেশ্য। বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ স্মার্ট রিং বিক্রি করা এই কোম্পানির জন্য সরকারি পর্যায়ে জাতীয় স্কেলে স্বাস্থ্য অ্যালগরিদম বাস্তবায়নের এটিই প্রথম উদ্যোগ।

মডেলটি তৈরি করা হয়েছে যেকোনো ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে। অর্থাৎ আল্ট্রাহিউম্যানের রিং ছাড়াও অন্যান্য পরিধেয় ডিভাইস ও ক্লিনিক্যাল পরীক্ষার ডেটা এতে ব্যবহার করা যাবে। আমিরাতের বাসিন্দারা সরকারি ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম এর মাধ্যমে তাদের জৈবিক বয়সের তথ্য দেখতে পাবেন।

আগামী দুই বছর এই মডেলের গবেষণা ও ক্লিনিক্যাল যাচাইয়ের কাজ চলবে। পরবর্তীতে ধাপে ধাপে আমিরাতের নাগরিকদের জন্য এটি উন্মুক্ত করা হবে। সংযুক্ত আরব আমিরাত বর্তমানে আল্ট্রাহিউম্যানের শীর্ষ দশটি বাজারের একটি এবং তাদের মোট আয়ের ৪ থেকে ৫ শতাংশ আসে এই দেশ থেকে। উল্লেখ্য, এর আগে আবুধাবি স্বাস্থ্য বিভাগ আল্ট্রাহিউম্যানের প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান ওরার সঙ্গেও চুক্তি করলেও, সরাসরি জাতীয় পর্যায়ে জৈবিক বয়স মডেল নিয়ে কাজ করার ক্ষেত্রে এই উদ্যোগটি বেশ আলাদা।