বিনোদন প্রতিবেদক: ছোটপর্দায় নিজের অবস্থান দিন দিন আরও শক্ত করে তুলছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক একক নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার হাজির হয়েছেন পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটি প্রচারের শুরুতেই দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তটিনী। নিয়মিত কাজের ফাঁকে নিজের সুন্দর মুহূর্তের ছবি ও মনের নানা ভাবনার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করে নিজের একান্ত একটি ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে তটিনী লিখেছেন, ‘আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে পারলেই হলো।’ তার এই মনমাতানো ছবি ও ভাবনার প্রকাশ মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
এর আগে ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহানের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন তটিনী। পর্দায় তাদের নান্দনিক রসায়ন ও গল্প বলার ধরন বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
বর্তমানে মুহাম্মদ মুস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের মাধ্যমে নাটকে নতুন এক মাত্রা যোগ করেছেন তটিনী। পারিবারিক সম্পর্ক, মানবীয় আবেগ এবং জীবনের নানা টানাপোড়েনের ওপর ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিকটিতে তার অভিনয় দর্শকদের কতটা দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।