কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির পিকনিক স্পট 'লেক প্যারাডাইস'-এর ভিআইপি শেডে জমকালো আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক কমডোর এম সোহেল আজম। প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "যারা জিপিএ-৫ অর্জন করেছ, তাদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে হবে। জীবনের এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের মেধা ও প্রতিভাকে মেলে ধরতে হবে।"

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হাসান মাহমুদসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নবীনবরণ ও সংবর্ধনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রভাষক তামান্না ইসলাম ও রোজ সোনিয়া চৌধুরী। 

—জা. অর্থনীতি/এলএটি